দুই মাথা নিয়ে শিশুর জন্ম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:১৩ মিঃ, জুলাই ১৩, ২০২৩
নীলফামারীর ডোমার ডক্টরস ক্লিনিকে দুই মাথা নিয়ে বুধবার রাতে একটি ছেলেশিশু জন্ম নেয়। এরপর রাতে শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে দায়িত্বরত চিকিৎসক রংপুরে রেফার করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারে আশিকুর-ফারজানা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক নবজাতকের জন্ম হয়। ওই দম্পতি ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের পর উন্নতমানের চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, ‘কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না।
এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয়বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।
