আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন
ইসলাম ডেস্ক | ০৮:৩৪ মিঃ, জুলাই ২০, ২০২৩
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য দয়ালু ছিলেন। তিনি উম্মতের মায়ায় কেঁদেছেন। উম্মতের মুক্তি ও নাজাতের জন্য পেরেশান ছিলেন। পরকালের কঠিন অবস্থায়ও তিনি উম্মতের জন্য পেরেশানিতে থাকবেন। কেননা তিনি তাঁর উম্মতকে খুববেশি ভালোবাসেন। শুধু পেরেশানিই নয়, বরং উম্মত যেন সব বিপদ ও ফেতনা থেকে মুক্ত থাকতে পারেন সেজন্য উম্মতকে আল্লাহর কাছে ফেতনামুক্ত থাকার জন্য দোয়া করার উপদেশ দিয়েছেন। কী সেই দোয়া?
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা প্রার্থনায় আল্লাহর কাছে দোয়া করেছেন এবং দারিদ্রদের ভালোবাসাও কামনা করেছেন। যখন কোনো জাতির ওপর পরীক্ষাস্বরূপ কোনো ফেতনা নেমে আসে, তখনও সে ফেতনা থেকে বাঁচার দোয়া করেছেন। দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফিরালি ওয়া তারহামানি ওয়া ইজা আরাদতা ফিতনাতা ক্বাওমিন ফা-তাওয়াফ্ফানি গাইরা মাফতুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ু হিব্বুকা ওয়া হুব্বা আমালীন ইয়ুক্বাররিবু ইলা হুব্বিকা।
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে সৎ কাজ করার, অসৎ কাজ থেকে বিরত থাকার ও দরিদ্রদের ভালোবাসার তাওফিক দিন। আপনি আমাকে ক্ষমা করুন। আমার উপর দয়া করুন। আর আপনি যখন কোনো জাতিকে কোনো ফেতনায় (পরীক্ষা) ফেলার ইচ্ছা করেন, তখন আমাকে ফেতনামুক্ত মৃত্যু দান করুন।
হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা প্রার্থনা করি। যাঁরা আপনাকে ভালোবাসে, তাঁদের ভালোবাসাও প্রার্থনা করি এবং এমন আমলের ভালোবাসা প্রার্থনা করি, যেই আমল আমাকে আপনার ভালোবাসার কাছে পৌঁছে দেবে।’ (তিরমিজি)
সুবহানাল্লাহ! নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত চমৎকার দোয়া করেছেন। তাঁর উম্মতকে কত চমৎকার দোয়া করার দিকনির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠ অন্তরে আল্লাহর কাছে এ দোয়া করলে মহান রব তার আমলকারীকে দান করবেন ক্ষমা ও জান্নাত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফেতনার এ জামানায় দারিদ্রের এ জামানায় আমলের কমতির এ জামানায় তারই ওপর ভরসা করার এবং তার কাছে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
