স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৭:১৮ মিঃ, জুলাই ২০, ২০২৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে মারা গেল ৮ দিনের শিশু। বুধবার রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজিবের সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। একপর্যায়ে ১৪ মাস বয়সি পুত্রসন্তান ও ৮ দিন বয়সের কন্যাসন্তান রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যান। এর মধ্যে পুত্রকে খাওয়ালেও কন্যাকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজিব। পর দিন বুধবার রাতে ৮ দিনের কন্যা নিথর হয়ে পড়লে রাজিব তার স্ত্রীর কাছে নিয়ে যান। তখন শিশুটির কোনো সাড়াশব্দ না পেয়ে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফারজানা জানান, তার স্বামী রাজিব দুইটি শিশুসন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেন। পরদিন মৃত সন্তান নিয়ে তার কাছে যান রাজিব।
রাজিব জানান, জিদ করে ফারজানা বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে কন্যাসন্তান মারা যায়।
ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
