আগৈলঝাড়ায় এসএস সি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
শফিকুল ইসলাম | ০৮:১১ মিঃ, ডিসেম্বর ১৯, ২০১৯
বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। রহস্যময় মৃত্যুর কারণে পরিবারের সদস্যরা পুলিশকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে উধাও হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা গ্রামে প্রবীন সিকদারের ছেলে বার্থী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী প্রসেনজিৎ সিকদারকে (১৭) বুধবার রাতে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের স্বজনেরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন প্রসেনজিৎকে কোন চিকিৎসা প্রদান করার আগেই মারাযায়। তিনি জানান, পথেই প্রসেনজিৎ এর মৃত্যু হয়েছে। ডা.জাহেদ হোসেন বিষয়টি থানাকে জানালে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই লাশ নিয়ে উধাও হয় প্রসেনজিৎ এর পরিবার। পুলিশকে ফাঁকি দিয়ে লাশ নেয়ার কারনে প্রসেনজিৎ এর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনিভুত হয়েছে। প্রসেনজিৎ এর বাবা হাসপাতালে বসে সাংবাদিকদের জানিয়েছেন, প্রসেনজিৎ গত কয়েকদিন ধরে জ্বর ও ডায়েরিয়ায় ভুগছিল, ওই কারনেই তার মৃত্যু হয়েছে। অন্য কিছু হয়নি।
