আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী ও বরখাস্তকৃত মেম্বার গ্রেফতার
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার : | ১১:১৯ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আগৈলঝাড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী রিপন শেখ এবং হামলা-মারধরের মামলায় বহিস্কৃত ইউপি সদস্য শামীম তালুকদারকে পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ইয়াবা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার পয়সারহাট এলাকা থেকে ১২পিচ ইয়াবাসহ ব্যবসায়ি রিপন শেখকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিপন পশ্চিম পয়সা গ্রামের নতুন শেখ এর ছেলে। এঘটনায় এসআই জসীম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন নং-০৭, (২৭.০৯.২০১৯)। অন্যদিকে রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের হাবুল ঘরামীর উপর হামলা চালিয়ে মারধর করে। ওই ঘটনায় হাবুল ঘরামী বাদী হয়ে মামলা দায়ের করেন, নং-৬ (২৬.০৯.২০১৯)। ওই মামলায় বহিস্কৃত ইউপি সদস্য শামীম তালুকদারকে (৩৮) বৃহস্পতিবার বিকেলে এসআই জামাল হোসেন চেঙ্গুটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শামীম চেঙ্গুটিয়া গ্রামের মজনু তালুকদারের ছেলে ও রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বস্কিৃত সদস্য। প্রসংগত, ২০১৭ সালে ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ ও ধর্ষণ ভিডিও চিত্র মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইউপি সদস্য শামীম তালুকদারসহ আট জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে ধর্ষিতা শিশুর মা। পুলিশ ওই মামলায় ইউপি সদস্য শামীমসহ আট জনের বিরুদ্ধে চার্জশীট করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে শামীম তালুকদারকে ইউপি সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।
