স্বামীকে তালাক দিয়ে বাচ্চা কোলে বন্ধু অনুপমকে বিয়ে করেন কিরণ! কেমন সেই প্রেমের গল্পটা?
বিনোদন ডেস্ক | ০৭:৪৫ মিঃ, জুন ১৫, ২০২৩
বন্ধুত্ব থেকে বিয়ের পিঁড়ি- মাঝে অন্য পুরুষের সঙ্গে সংসার করেছেন, মা হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী কিরণ খের। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থীর প্রেমের গল্প হার মানাবে যেকোনো হিন্দি সিনেমার চিত্রনাট্যকেও।
বলিউডের অতি পরিচিত দুই মুখ অনুপম খের ও কিরণ খের। দাম্পত্য জীবনের ৩৮ বছর পার করে ফেলেছেন এই জুটি। কলেজ জীবনের বন্ধু দুজনে। কিন্তু সেই সময় পরস্পরের প্রতি কোনো আকর্ষণ ছিল না। বেস্ট ফ্রেন্ড ছিলেন তারা। পরে নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে দেন দুজনে।
পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অনুপম ও কিরণের বন্ধুত্ব। স্ত্রীর জন্মদিনে স্মৃতিতে ডুব দিয়েছেন অনুপম খের। জানিয়েছেন তাদের প্রথম সাক্ষাতের কথা। চণ্ডীগড়ের ‘ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার’-এ প্রথমবার সুন্দরী কিরণকে দেখেছিলেন অনুপম খের।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ‘স্টার স্টুডেন্ট’কে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুপম। তবে প্রেম জাগেনি। অনুপম খেরের কথায়, ‘তুমি ছিলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের তারকা ছাত্রী। দারুণ ব্যাডমিন্টন খেলতে। প্রতিষ্ঠিত থিয়েটার অভিনেত্রী তখনই ‘লার্জার দ্যান লাইফ’, তারপর ৫০ বছর কেটে গেল। তুমি একই রকম রয়েছো’
বছর খানেক আগে দেয়া এক সাক্ষাৎকারে কিরণ খের জানিয়েছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আলাপ আমাদের। আমার সম্পর্কে সবটা জানত অনুপম। আমিও ওর ব্যাপারে সবকিছুই জানতাম। এমনকি কোন মেয়েটাকে ও পটানোর প্ল্যান করছে সেটাও। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, কোনো আকর্ষণ গড়ে ওঠেনি’।

মুম্বাই এসে গৌতম বেরিকে বিয়ে করেন কিরণ খের। তাদের পুত্রসন্তান সিকন্দর খের। অন্যদিকে মধুমালতীর সঙ্গে সংসার পেতেছিলেন অনুপমও। তবে অনুপমের সঙ্গে বন্ধুত্ব টিকে ছিল কিরণের। একসঙ্গে নাটকে কাজ করতেন কিরণ-অনুপম।
নাদিরা বব্বরের একটি নাটকের জন্য কলকাতা এসেছিলেন এই জুটি। তখন বন্ধুকে দেখে বিচলিত মনে হয়েছিল কিরণের। অভিনেত্রী জানিয়েছেন, ‘ঘর ছেড়ে বের হওয়ার সময় ও আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিছু একটা যেন ঘটে গেল। এরপর ফিরে এসে আমার দরজায় ধাক্কা দিল, আর বলল- আমি তোমার প্রেমে পড়েছি, হঠাৎ করেই একটা পরিবর্তন। বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আমি ডিভোর্স নিয়ে অনুপমকে বিয়ে করলাম। ওর সেই সময় কিছুই ছিল না’।
ছেলে সিকন্দরকে কোলে নিয়েই অনুপমকে বিয়ে করেছিলেন কিরণ। অভিনেত্রীর ৭১তম জন্মদিনে জীবনের ঘাত-প্রতিঘাত পেরিয়ে ফেলে আসা বন্ধুত্বযাপনের দিনগুলো স্মরণ করলেন বর্তমান জীবনসঙ্গী অনুপম খের।
স্ত্রী কিরণের উদ্দেশ্যে খ্যাতিমান এই অভিনেতা বলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলো চোখে চোখ রেখে লড়েছো তুমি, আর জিতেছো। এইভাবেই মানুষের ভালোবাসা, বিশ্বাস-আস্থা তোমার প্রতি অটুট থাকুক। অনেক ভালোবাসা আর প্রার্থনা।’
