রাজনীতিকদের তো এমন হওয়ার কথা, যারা নিঃস্বার্থ হয়ে এবং নিজেকে বিলিয়ে জনসেবা করবেন: জুয়েল তরফদার
নিজস্ব প্রতিনিধি | ০৯:০৪ মিঃ, জুলাই ১৫, ২০২০
রাজনীতিকদের তো এমন হওয়ার কথা, যারা নিঃস্বার্থ হয়ে এবং নিজেকে বিলিয়ে জনসেবা করবেন। তিনি হবেন কষ্টি পাথরের মতো। যে কষ্টি পাথরের ছোঁয়ায় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। একজন রাজনীতিকের লক্ষ্যই তো মানুষের সেবা করে ভালবাসা অর্জন করা। এটাই তার বড় সম্পদ। দুঃখের বিষয়, আমাদের অধিকাংশ রাজনীতিক এ সম্পদ অর্জনের চেয়ে আর্থিক সম্পদ অর্জনকেই রাজনীতির মূল লক্ষ্য করে নিয়েছেন। তারা মানুষের ভালবাসা চান না। ভালবাসা দিয়ে মন ও পেট ভরাতে চান না। অথচ রাজনীতির নিগূঢ় তাৎপর্যই হচ্ছে, জনসেবা ও মানুষের ভালবাসা অর্জনের মাধ্যমে প্রশান্তি লাভ করা। আমাদের দেশে যে রাজনীতির এমন ধারক-বাহক ছিলেন না, তা নয়। অনেকেই ছিলেন। তাদের সেই সৎ রাজনীতির পথ ধরে কোনো কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালালেও, তাদের সৎ রাজনীতির মধ্যে থাকতে পারেনি। তারা এমন ধারণা তৈরি করেছেন যে, রাজনীতি মানে জনসেবা নয়, ক্ষমতা ভোগ করা। মানুষের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন। এতদিন সাধারণ মানুষের কাছে ওপেন সিক্রেট ছিল ক্ষমতাসীন দলের অনেক নেতা রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার করে অঢেল ধন-সম্পদের মালিক হয়েছেন। সাম্প্রতিক সময়ে দুর্নীতিবিরোধী অভিযানে যেসব নেতা-কর্মী, কাউন্সিলর ও প্রভাবশালী ব্যক্তি ধরা পড়েছেন এবং নাম প্রকাশিত হচ্ছে, তাতে এটি ওপেন হয়ে পড়েছে যে তারা রাজনৈতিকে দুর্বৃত্তায়ণের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। দেখতে ও শুনতে খারাপ লাগলেও এ ধরনের একটি অভিযানের বড়ই প্রয়োজন ছিল। অন্তত দুর্বৃত্তায়নের রাজনীতির যে অপসংস্কৃতি চলছে, তাতে কিছুটা হলেও ছেদ টানতে সম্ভব। রাজনীতিতে গডফাদারে পরিণত হওয়ারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও, তাদের পিছু হটতে বা সচেতন হতে বাধ্য করেছে। রাজনীতিকে পরিশুদ্ধ করতে এ ধরনের অভিযানের বিকল্প নেই। আমরা আশা করব, এ অভিযানের জালে ধীরে ধীরে আরও বড় বড় রাঘব-বোয়ালরা ধরা পড়বে এবং তাদের রাজনীতিকে কঠিন করে তুলবে।
অনুলিখনঃ জুয়েল তরফদার সভাপতি, জাপান আওয়ামী লীগ।
