কুমিল্লায় সদর দক্ষিনে মামলা তুলে না নেওয়ায় বাদীর উপর সন্ত্রাসী হামলা
রায়হান চৌধুরী, | ০৬:০৩ মিঃ, অক্টোবর ৬, ২০১৯
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী পরিবার ও স্বাক্ষীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মামলার আসামীদের উপর। শুক্রবার দুপুরে উপজেলার রতনপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১ আসামীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
হামলার শিকার হওয়া ব্যক্তিরা জানান, মাস দুয়েক আগে সদর দক্ষিণ উপজেলার রতনপুর গ্রামের আবদুল লতিফের ১৩ বছর বয়সী ছেলে মাছুম খুন হয় দুর্বৃত্তদের হাতে। সেই ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল আসামীরা। তার ই ধারাবাহিকতায় গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে আবদুল লতিফ বের হলে বাড়ির পাশে রাস্তার উপরে মামলার আসামী শিবপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে রিপন, রতনপুর গ্রামের দুলা মিয়ার ছেলে খলিল, বজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও তারদলসহ অতর্কিত হামলা চালায়।
এ সময় তাদের হামলায় মারাত্বভাবে আহত হন মামলার বাদী আব্দুল লতিফ ,লতিফের বড় ভাই আবুল কালাম, লতিফের ছেলে মাসুদ ও আবুল কালামের স্ত্রী শাহিনুর।
এ ছাড়াও মামলার স্বাক্ষী আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম, মৃত.আব্দুর রব(পাখি)'র স্ত্রী মোর্শেদা বেগম ,আব্দুর রবের মেয়ে পলি আক্তার(১৭) মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন,এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
