নায়িকা মৌসুমীর নির্বাচনে পাশে কেউ নেই
নিজস্ব প্রতিনিধি। | ১০:৫০ মিঃ, অক্টোবর ৪, ২০১৯
প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। বিএফডিসি, ঢাকা,২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচন। তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করার খবর শোনা যাচ্ছিল। প্যানেল দুটি হলো মৌসুমী-ডি এ তায়েব প্যানেল ও মিশা সওদাগর- জায়েদ খান প্যানেল। তফসিল ঘোষণার পরপরই প্যানেল দুটির খবর আরও স্পষ্ট হয়ে ওঠে। মৌসুমী-তায়েব প্যানেলের সঙ্গে অন্যান্য পদে ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, পপি, নিপুণ, ইমনসহ অনেকেরই নির্বাচন করার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৌসুমীর বাসায় নির্বাচনের কয়েকটি প্রস্তুতি সভার ছবিতেও তাঁদের অনেককেই দেখা গিয়েছিল। ১ অক্টোবর ২১ পদের বিপরীতে প্যানেলটি ৩০টি মনোনয়ন ফরমও তুলেছিল। কিন্তু জমা দেওয়ার এক দিন আগেই গুঞ্জন ছড়ায়, মৌসুমী-ডি এ তায়েব প্যানেল ভেঙে গেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে অন্যান্য পদে তাঁরা কোনো প্রার্থী পাচ্ছেন না। প্যানেলের সঙ্গে যাঁরা ছিলেন, মৌসুমী ও ডি এ তায়েবকে যাঁরা উৎসাহিত করে আসছিলেন, সেসব উৎসাহদাতা শিল্পীরা সরে পড়েছেন।
সেই গুঞ্জনই সত্য হলো আজ ৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে এসে।
