সারা দেশে শেখ হাসিনার অ্যাকশন শুরু -ওবায়দুল কাদের
বি এম মনির হোসেস | ১২:০০ মিঃ, সেপ্টেম্বর ২২, ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
দল এবং সরকারের মুখ উজ্জ্বল করতে দল থেকে আগাছা পরগাছা পরিষ্কার অভিযান চলছে। যেই দলের হোক, যত বড় নেতা ও শক্তিশালী হোক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজরা সাবধান!
সারা দেশে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।
দেশ উন্নয়নের মহাসড়কে তার ধারাবাহিকতা ধরে রাখতে যা করার সবই করবে সরকার।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় কক্সবাজারের শৈবাল মাঠে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যু টেনে বিএনপি বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। সারা বিশ্ব যখন মানবতার কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করছে,
ঠিক তখনই বিএনপি সমালোচনা ও ষড়যন্ত্রে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম,
উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
কক্সবাজার জেলা আওয়ামীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনে কক্সবাজারের স্থানীয় সাংসদ সদস্যসহ জেলা, উপজেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
