রণবীর-আলিয়ার বিয়ে ভুয়া, তারা আলাদা থাকেন! দাবি কঙ্গনার
বিনোদন ডেস্ক | ০৮:২৭ মিঃ, জুলাই ১৮, ২০২৩
বিয়ের পর থেকেই আলাদা থাকেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আলিয়াকে নাকি বিয়ে করতে চাননি রণবীর। কিন্তু আলিয়ার বাবা-সম এক ব্যক্তি রণবীরকে তিনটি ছবিতে নেয়ার আশ্বাস দেয়ার কারণেই নাকি তিনি আলিয়াকে বিয়ে করেছেন।
মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রানাওয়াত। এখানেই শেষ নয়। তার আরও দাবি, দূরত্বের কারণেই নাকি রণবীরের মা নীতু সিংয়ের জন্মদিনে লন্ডনে সম্প্রতি কাপুর পরিবারের সঙ্গে দেখা যায়নি আলিয়া ও তার কন্যা রাহাকে।
যদিও পোস্টে কারো নাম উল্লেখ করেননি কঙ্গনা। তবে বিশেষণ দেখেই নেটিজেনরা শতভাগ নিশ্চিত হয়ে মন্তব্য করেছেন যে, কাদের উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন কঙ্গনা। কিন্তু হঠাৎ কেন এসব কথা বললেন তিনি?
মঙ্গলবার সকালে কঙ্গনার নতুন একটি খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। যে ঘটনাটি একেবারেই সত্যি নয়। ফেক এই নিউজ ছড়িয়ে পড়ার পড়েই চটেছেন কঙ্গনা। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
নাম না করেই তার অভিযোগের তির রণবীর ও আলিয়ার বিরুদ্ধে। তিনি দাবি করেন, এই তারকা দম্পতিই নাকি তার নামে মিথ্যা খবর ছড়িয়েছে। পাশাপাশি তার দাবি, তারকা স্বামী নাকি বারবার ফোন করে কঙ্গনার সঙ্গে দেখা করতেও চেয়েছেন।
মঙ্গলবার সকালে কঙ্গনার ইনস্টাগ্রামে দুটি স্টোরি শেয়ার করেছেন। তার মধ্যেই একটি ছবির পোস্টার। পোস্টারে দেখা যায়, দুটি চেহারা, রাজপ্রাসাদ আর বন্দুক। সেই পোস্টে দাবি করা হয়, উত্তর ও দক্ষিণের দুই সুপারস্টারকে দেখা যাবে এই ছবিতে।
কারা তারা? সেখান থেকেই শুরু হয় অনুমানের পালা। অনেকেই লেখেন কঙ্গনা, রামচরণ, বিজয় সেতুপতির নাম। সেই পোস্টার শেয়ার করে কোনো ক্যাপশন লেখেননি কঙ্গনা।
পাশাপাশি নায়িকা লেখেন, ‘যখনই আমি কোনো ছবির ঘোষণা করতে চাই তখনও আমাকে অপমান করতে আগেই সব সাংবাদিকদের কাছে মেইল চলে যায়। তাই আমি চাঙ্গু মাঙ্গুকে বলতে চাই, তোমাদের কি খুব জ্বলছে? সব পেপারে কী করে একই হেডলাইন আসে, কারণ এটা বাল্ক মাস মেইল। ডিয়ার চাঙ্গু মাঙ্গু যদি তোমরা খুবই আহত হও, তাহলে ভগবান তোমাদের আত্মাকে শান্তি দিক।’
কঙ্গনা আরও লেখেন, ‘আরেকটা নকল খবর স্বামী-স্ত্রীর জুটি ছড়াচ্ছে, যারা আলাদা ফ্লোরে থাকে, দম্পতি হওয়ার নাটক করে, মিন্ত্রার একটি ব্র্যান্ডকে নিজেদের ব্র্যান্ড বলে চালায়, সিনেমা ঘোষণার নামে ফেক নিউজ ছড়ায়। সম্প্রতি ফ্যামিলি ট্রিপে কেন বাদ পড়ল স্ত্রী আর মেয়ে, তা নিয়ে কেউ লিখল না। তথাকথিত স্বামী আমাকে বারবার টেক্সট করছে, দেখা করার অনুরোধ করছে। এই নকল দম্পতির মুখোশ খোলা খুবই জরুরি।’
কঙ্গনার দাবি, ‘ছবির প্রচার, টাকা, কাজ এসবের জন্য যখন বিয়ে করলে এরকমই হবে। অভিনেতা ওই নায়িকার মাফিয়া ড্যাডির চাপে বিয়ে করেছে, বিয়ের পরিবর্তে তাকে ওই মাফিয়া ড্যাডি ট্রিলজি প্রমিস করেছিল। কিন্তু এখন সেই ট্রিলজি বাতিল হয়ে গেছে তাই এখন ওই বিয়ে থেকে বেরিয়ে আসতে মরিয়া অভিনেতা।’
অভিনেত্রী লেখেন, ‘কিন্তু দুঃখের বিষয় এখন আর ওই অভিনেতাকে নেয়ার কেউ নেই। স্ত্রী ও মেয়ের খেয়াল রাখা উচিত। এটা ভারত, আর এখানে একবার বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে। এবার শুধরে যাও।’
