বাগেরহাটে জোরপূর্বক ধর্ষণচেষ্টা, বিশেষ অঙ্গ কর্তন
জেলা প্রতিনিধি | ০৬:৪৩ মিঃ, জুন ২৭, ২০২৩
বাগেরহাটের মোল্লাহাটে এক নারী নিজের সম্ভ্রম রক্ষায় ধর্ষণচেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। উপজেলার জয়ডিহি গ্রামে রবিবার (২৫ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসহায় ওই নারী (৪০) জানান, এসকেন মোল্লা (৪৫) বেশ কিছুদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন।
ঘটনার রাতে বাড়িতে স্বামী-সন্তান কেউ না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করেন এসকেন মোল্লা। তখন বারবার তাকে ঘর থেকে বের হতে বলাসহ নিজেকে রক্ষার চেষ্টা করেন ভুক্তভোগী। কোনো কিছুতেই নিবারণ করতে না পেরে তিনি কৌশলী হয়ে ওঠেন।
সুযোগ বুঝে ব্লেড দিয়ে এসকেনের বিশেষ অঙ্গ কেটে দেন। এরপর প্রাণ বাঁচাতে দৌড়ে পালান এসকেন। এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে তথ্য সংগ্রহে এসকেন মোল্লার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বড় ভাইয়ের স্ত্রী জানান, এসকেন চিকিৎসাধীন। কিন্তু কোথায় আছেন তা তিনি জানেন না।
