কমল হজের খরচ, বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়ও

ইসলাম ডেস্ক | ০৮:০০ মিঃ, মার্চ ২২, ২০২৩



কিছুটা কমানো হলো হজের খরচ। ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিবন্ধেনের সময়ও। আগামী ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার থেকেই এ নিবন্ধন চলবে।

গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে সরকার। এরপর থেকেই প্যাকেজ নিয়ে সমালোচনা শুরু হয়। দাবি ওঠে খরচ কমানোর। গত বছর সরকারিভাবে হজের প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ৯৬ হাজার ৬৭৮ টাকা বাড়িয়ে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।