কচুয়া উপজেলা জাতীয়তাবাদী শক্তির প্রতি খোলা চিঠি।
মো: আকাশ মিয়াজী | ১০:১৩ মিঃ, মে ৩১, ২০২০
কচুয়া উপজেলা জাতীয়তাবাদী শক্তির প্রতি খোলা চিঠি।
নিন্মে সবার জন্য তুলে ধরা হলো ......সুপ্রিয় কচুয়ার জাতীয়তাবাদী ইসলামী মুল্যবোধে বিশ্বাসী সকল সম্মানিত অগ্রজ, অনুজ,ভাই বোন ও বন্ধুদের আসসালামু আলাইকুম এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা। প্রিয় ভাই-বন্ধুরা,
সময়ের সাথে সাথে আমাদের চলার ব্যাপ্তি স্বদেশ পেরিয়ে প্রবাসে ও ছড়িয়ে পড়েছে উল্লেখযোগ্যহারে। বিশেষ করে গত এক যুগেরও বেশী সময় ধরে অবৈধ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার রোষানলে পড়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অসংখ্য ভাই-বন্ধু সহযোদ্ধারা ইচ্ছা-অনিচ্ছায় বেছে নিয়েছে প্রবাসে নির্বাসিত জীবন যাত্রা। এই জীবন যাত্রা অনেক ক্ষেত্রেই কণ্টকাকীর্ণ। তাই অন্তত ইউরোপ প্রবাসী কচুয়ার জাতীয়তাবাদী ইসলামী মুল্যবোধে বিশ্বাসী ভাই বন্ধুদের সুখ-দুঃখ আশা-প্রত্যাশার অংশীদার তথা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে ঘনিষ্ঠতা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে "ইউরোপিয়ান-কচুয়া জাতীয়তাবাদী ফোরাম" প্রতিষ্ঠিত হয়েছে।এর মাধ্যমে ইউরোপেও গড়ে উঠেছে আমাদের ভালোবাসা ও সুখ-দুঃখ বিনিময়ের কেন্দ্রস্থল "ইউরোপিয়ান-কচুয়া জাতীয়তাবাদী ফোরাম"।
প্রাণপ্রিয় দল-বিএনপি'র অকুতোভয় সাহসী যোদ্ধারা,আপনারা নিশ্চয় অবগত আছেন বিশ্ব মহামারী করোনার ভয়াল তাণ্ডবের প্রাথমিক স্টেজে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি। আমরা প্রবাসী কচুয়াবাসী ও এর ব্যতিক্রম নয়। সকলের ব্যবসা-বাণিজ্য স্থবির ,কর্মহীন। ভয়ানক শংকার মধ্যে দিনাতিপাত করতেছি। কিন্তু আমাদের মন প্রাণ সর্বদাই দেশের পরিবার,পরিজন ও কচুয়ার নিপীড়িত-নির্যাতিত বিএনপি'র নেতাকর্মীদের জন্য ব্যাকুল হয়ে থাকে।
সুপ্রিয় সহযোদ্ধারা,
আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন দলের নিপীড়িত তৃণমূল নেতাকর্মীদের তথা বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন তখন ইউরোপ প্রবাসী কচুয়ার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের পারিবারিক খরচ সংকুচিত করে নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রিয় ত্যাগের মহিমায় ভাস্বর জিয়ার সৈনিকেরা......
গত এক যুগের বেশী স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের স্টিমরোলারে কচুয়ায় কমবেশী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪ হাজার নেতাকর্মী নির্যাতিত।কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে কমবেশী 500 নেতাকর্মীদের পাশে ঈদ উপহার পাঠানোর চেষ্টা করেছি। তাড়াহুড়া করে সকল ইউনিয়ন,পৌরসভায় এমন একটি কাজ করতে গিয়ে সকলের সাথে সমন্বয় করা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত এবং সিলেকশন এর ক্ষেত্রে যেহেতু বিবদমান দুটি গ্রুপ সক্রিয় তাই ক্লিন ইমেজের সাবেক নেতা,চেয়ারম্যান দের সাথে সমন্বয় করে তালিকা তৈরি করা হয়েছে।যেকোনো ব্যক্তির পক্ষেই ৭/৮ জনের মধ্যে একজনকে সিলেকশন করা কষ্টসাধ্য ব্যাপার। সেখানে ভুলত্রুটি থাকতেই পারে।তাই অনেকেই হয়তো বঞ্চিত হয়েছেন। কিন্তু যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া আমরা ভবিষ্যতে বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে বলি, বিএনপি'র নেতাকর্মীরা অসহায় নিপীড়িত হলেও আত্মসম্মানবোধ সম্পন্ন। এ ধরনের দাবি করে পক্ষান্তরে আপনারা আপনাদের ভাইদেরকে হেয় করেছেন।এখানে মনে রাখা দরকার আমরা কচুয়ার বিবদমান গ্রুপের কারো পক্ষে নই, কারো বিপক্ষেও নই।আমরা কচুয়া উপজেলা বিএনপি'র সহায়ক শক্তি।
প্রিয় জাতীয়তাবাদী বিপ্লবী অগ্নি সেনারা....
অত্যন্ত পরিতাপের বিষয়, এই ঈদ উপহার কে কেন্দ্র করে কিছু ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী, তির্যক ভাবে উপস্থাপন করে অত্যন্ত নোংরা খেলায় মেতে উঠেছে, সেটা দলের পক্ষে শুভকর নয়। যারা নিজের ছায়াকে তাদের প্রতিপক্ষ মনে করেন এটা তাদের কৈশোরিক বালখিল্যতা, রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত দিনগুলোতে প্রবাসী কচুয়ার নেতৃবৃন্দ বিভিন্নভাবে কচুয়ার নেতাকর্মীদের জন্য বিভিন্ন উৎসব, কর্মসূচিকে সামনে রেখে অর্থ পাঠিয়েছেন ।তার কতটুকু সুষ্ঠু বন্টন হয়েছে কিন্তু এবারের বন্টন প্রক্রিয়ায় কিছুটা ভুল ত্রুটি থাকলেও বিএনপি'র সর্বোচ্চ নেতৃত্ব অবগত আছেন।আর যারা প্রতিহিংসার আগুনে পুড়েছেন তাদের জন্য করুণা।
আসুন কচুয়া বিএনপিকে ঐক্যবদ্ধ করে এক কাতারে নিয়ে আসি । কথা দিচ্ছি আমরা ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম সকল কর্মসূচিতে আপনাদের পাশেই থাকবো।অন্যথায় আমাদেরকে আমাদের মতো চলতে দিন।প্রতিপক্ষ ভাববেন না, অসদাচরণ করবেন না। কারণ ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের অনেক নেতৃবৃন্দ যারা কচুয়ার রাজনীতির প্রাণসঞ্চার করেছিলেন তারা স্নেহ-ভালবাসা সম্মানের
দায়বদ্ধতা থেকেই নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন।কারো প্রতিপক্ষ হিসেবে নয়।
পরিশেষে প্রিয় কচুয়া বাসীর প্রতি আহবান রইল, প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন, সিনিয়রদের সম্মান, জুনিয়রদের স্নেহের রাজনৈতিক কৃষ্টি কালচার চালু করুন। সোশ্যাল মিডিয়ায় নয় দলীয় ফোরামে আলোচনা-সমালোচনা করুন। আমরা কচুয়ার ইউরোপসহ প্রবাসীরা প্রায় সকলে দেশে রাজনীতি করে এসেছি ৷আমরা চাই আপনারা সহযোদ্ধা হিসেবে আমাদেরকে কাছে টানবেন.
মহান আল্লাহ আমাদের সকলের সহায় হউন৷ আল্লাহ হাফেজ ।