#সভ্যতার_ সংকট
শেখ মফিজুর রহমান | ০৮:০৮ মিঃ, ডিসেম্বর ১৭, ২০১৮
#সভ্যতার_সংকট
-শেখ মফিজুর রহমান
সভ্যতার সর্বোচ্চ শিখরে আমরা
তাই ভুলে যাই সময় নিয়ে মায়ের
খোঁজ নিতে
এতো এতো কাজ, মিটিং আর
অ্যাসাইনমেন্টের ফাঁকে
কীভাবে যেন ভুলে যাই মাকে,
যে নিয়ে এসেছে এই পৃথিবীতে।
আমরা এখন সভ্যতার সর্বোচ্চ শিখরে
তাই নিজের কথিত জীবন সঙ্গীকেও প্রতিযোগী মনে হয়
ক্যারিয়ারের দৌড়ে সে এগিয়ে, নাকি আমি!
আমার নিজের উন্নতিই যেখানে বড় কথা, ভালোবাসা সে তো ইল্যুশন, মায়া।
আমরা এখন সভ্যতার সর্বোচ্চ শিখরে
পত্রিকায় কতবার নাম আসলো,
ফেসবুক আর টুইটারে ফলোয়ার কতো
সেই তো আসল বিষয়।
ভুলে গেছি আজ প্রাণখুলে হাসতে,
কারণ ছাড়া অপরের সাথে মিশতে
আর গল্প-গানে সময় কাটাতে।
জীবন্ত রোবট যেন সবাই, ইউনিক রোবট
সকালে কাজে বের হওয়া, সন্ধ্যায় অবসন্ন
রিমোট হাতে টিভির সামনে বা মাউস হাতে কম্পিউটারে
এরপর ক্লান্ত হয়ে ঘুমানো আর ঘুম না আসলে পানি দিয়ে দাওয়া খাওয়া।
কবে আসে পূর্ণিমা, তারাভরা রাত কিংবা
শরতের নীল আকাশ।
কে পারে তা বলতে কারণ সময় কোথায় আকাশের দিকে তাকাবার।
কিংবা আকাশ কি আর দেখা যায় সুউচ্চ ভবনের ফাঁকে-
ক্ষুব্ধ আকাশ তাই হারায়েছে স্বভাব -------- অবেলায় বৃষ্টি ঝরায় অসময়ে তাপে দগ্ধ হয়
আমরা সভ্যতার সর্বোচ্চ শিখরে
তাই মনের আনন্দে গান গাই না,
করি না শিল্পচর্চা।
সবাই হতে চাই সেলিব্রেটি,
পেতে চাই তারকার তকমা!
প্যাশন তাই বিপুল খ্যাতির,
চাই না শিল্পের উৎকর্ষতা
কী আর করা,
সভ্যতার উচ্চ শিখরে আমরা যে
গতিই যেখানে শেষ কথা আজ,
আবেগ সে তো বিলাসিতা!