রাতে ঘুমন্ত দাদির কোল থেকে নাতি উধাও

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:৪৯ মিঃ, জুলাই ১৮, ২০২৩



রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে পাটখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাসির শেখের ছেলে ইয়ামিন সেখ (৪)।

নিহতের দাদি নাসিমা বেগম জানান, আমি সোমবার (১৭ জুলাই) রাতের খাবার শেষে নাতি ইয়ামিনকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। পরে রাত ৩টায় হঠাৎ ঘুম ভেঙে গেলে নাতিকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নাতিকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পাটখেতে নাতি ইয়ামিনের মরদেহ পাওয়া গেছে।

শিশুটির বাবা নাসির শেখ জানান, কীভাবে কী হয়েছে, বুঝতে পারছি না। আর শিশুর তো কোনো শত্রু হয় না।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।