স্বামীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গৃহবধূ

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:২০ মিঃ, জুলাই ১৩, ২০২৩



রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। পর্ন ভিডিও তৈরি করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ওই গৃহবধূ। 

এ নিয়ে তিনি আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ একজনকে আটক করেছে।

অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, নগরীর শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় স্বামীকে নিয়ে দেড় মাস ধরে ভাড়া থাকেন ওই নারী। ৭ জুলাই সকাল ১১টার দিকে জোর করে তাকে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী। পরে ওই দিন রাত ৯টার দিকে কফির সঙ্গে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে।

ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে ওই রাতে তার স্বামীসহ পাঁচজন মিলে গৃহবর্ধূকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। 

ভোরে ওই নারীর অবস্থা বেগতিক হলে তাকে তেঁতুল খাওয়ানোর চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে স্বামীর বন্ধুরা ওই গৃহবধূকে কুপ্রস্তাব পাঠাতে থাকে।

তবে স্বামীর ভয়ে এত দিন প্রকাশ করেননি তিনি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা করে ওই নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠোনো হবে।