শুভশ্রীর জায়গা যেভাবে দখল করলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | ০৭:১৭ মিঃ, জুলাই ৫, ২০২৩



ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করতে যাচ্ছেন ‘দশম অবতার’ নামের নতুন সিনেমা। এতে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি করা হচ্ছে না তার। এ কারণে পরিচালক সিনেমাটির প্রস্তাব পাঠিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লেকে এমনটি জানিয়েছেন সৃজিত মুখার্জি। এই পরিচালকের ভাষ্য, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।

এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া।

এর আগে পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান।

একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনো দিনই স্বীকার করেননি জয়া। বরাবরই এই অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি পুরোটাই গুজব।