অভিনেত্রীকে মারধর করল ছেলে ও পুত্রবধূ

বিনোদন ডেস্ক | ০৮:০২ মিঃ, জুন ২৫, ২০২৩



ছেলে ও তার স্ত্রী বাড়ি লিখে নিতে চায়। এ জন্য দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে। গালিগালাজ-মারধর, কিছুই বাকি নেই। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন ভারতের বর্ষীয়ান কন্নড় অভিনেত্রী বি শ্যামলা দেবী।

কিংবদন্তি কন্নড় পরিচালক সিদ্দালিঙ্গায়ার স্ত্রী বি শ্যামলা দেবী। তিনি নানা চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, নিজের অভিযোগ নিয়ে প্রথমে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে বাসভানাগুদি থানায় একাধিক ধারায় অভিযোগ করেন।

নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৬৮ বছরের এই বর্ষীয়ান অভিনেত্রী। তার দাবি, ছেলের বিয়ের পর থেকেই তার স্ত্রীসহ দুজনে অত্যাচার করা শুরু করে তাকে। বাড়ির রান্নাঘরে তার ঢোকার অনুমতি নেই। নিজের জন্য যে একটু খাবার তৈরি করবেন সে উপায়ও নেই।

অকথ্য গালিগালাজ করা হয়। মারধর পর্যন্ত করা হয়েছে। অনলাইন ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ডে অভ্যস্ত নন অভিনেত্রী। অভিযোগ, সেই সুযোগে নাকি টাকাও হাতিয়ে নিয়েছে ছেলে।

 এর আগে সিনিয়র সিটিজেনদের সংগঠনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী।

সেই সময় ছেলে-বউমা রীতিমতো পায়ে পড়ে গিয়েছিল। এমনকি বউমার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানানো হয়েছিল।

অভিনেত্রী দুজনকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একই গল্প শুরু হয়ে যায়। বাড়ি হাতিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে ছেলে। পণ নেওয়া হয়েছে বলে ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখাতে থাকে। সহ্য করতে না পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান অভিনেত্রী।

তিনি ছেলে-বউমার সঙ্গে আর থাকতে চান না। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।