মাদকসেবীদের রক্ত নিয়ে নিজের বাসায় গড়েছেন ব্লাড ব্যাংক, অতঃপর

অনলাইন ডেস্ক | ০৬:২৩ মিঃ, জুন ২২, ২০২৩



সাভারে নিজের ভাড়া বাসায় ব্লাড ব্যাংক খুলে বসেছেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি (৫৬)। যেখানে মাদকাসক্ত ও অভাবগ্রস্তদের কাছ থেকে কৌশলে সংগ্রহ করা হয় রক্ত। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, নেই সনদ। রক্ত সংগ্রহ করার আগে নেই কোনো পরীক্ষার ব্যবস্থা।

সংগৃহীত রক্ত রাখার ফ্রিজে রয়েছে শাক-সবজিও। মাদকাসক্তসহ বিভিন্ন ব্যক্তির রক্ত সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন তিনি। দরিদ্র অনেককে কৌশলে অজ্ঞান করেও অনেকের রক্ত সংগ্রহ করা হয়েছে বলে তথ্য দেন অভিযুক্ত জলিল।

খবর পেয়ে অভিযান চালায় সাভার উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাভার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১০টার দিকে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে শাস্তির আওতায় আনেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আব্দুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার মৃত ইন্তাজ আলীর ছেলে।

তিনি সাভারের থানা রোডের একটি বাসায় ভাড়া থেকে প্রায় এক বছর ধরে এই অপকর্ম চালিয়ে আসছেন। তার কাছ থেকে ১০ ব্যাগ রক্ত ও বিপুল পরিমাণ রক্ত সংগ্রহের সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।

আটক জলিল গণমাধ্যমের সামনে বলেন, 'রক্ত তো জোর করে নেওয়া সম্ভব নয়। কৌশলেই নিতে হয়। আমি ভুল স্বীকার করেছি।

এসব রক্ত রাজধানীর পান্থপথের আলিফ, কলেজ গেটের রাজধানী, কলেজ গেটের বাংলাদেশ ব্লাড ব্যাংক ও গ্রীনরোডের নিরাপদ হাসপাতালে ১২০০ টাকার বিনিময়ে বিক্রি করেছি।'

সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন বলেন, কোনো রকম ব্লাড ক্রসম্যাচ এবং ব্লাড গ্রুপিং ছাড়াই তিনি রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করতেন। অপরাধীর অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন বলেন, অভাবগ্রস্তদের কৌশলে বাসায় ডেকে নিয়ে অজ্ঞান করতেন জলিল। পরে কৌশলে রক্ত সংগ্রহ করতেন। গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।