বিরতি ঘোষণার এক দিনের মধ্যেই ফিরলেন কাজল!

বিনোদন ডেস্ক | ০৭:২৫ মিঃ, জুন ১০, ২০২৩



ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেওয়ার মাত্র এক দিনের মাথায় ফিরলেন অভিনেত্রী কাজল! অভিনেত্রীর এমন প্রত্যাবর্তন যেমন অবাক করেছে ভক্তদের, তেমনই নিজেদের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় দারুণ খুশি নেটিজেনরা। অভিনেত্রীর বিরতির ঘোষণায় নেটিজেনদের দাবি ছিল, প্রচারের কৌশল হিসেবেই এমন কাজ করেছেন কাজল। যা শতভাগ সত্য প্রমাণ হলো কাজলের নতুন পোস্টে।

‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’, শুক্রবার (৯ জুন) সকালে কাজলের এই একটা পোস্টই নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে।

দাবানল গতিতে ভাইরাল হয়েছে পোস্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ক্ষণিকের অবসর ঘোষণা করে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই ঘটনার পর এক রাতও কাটল না। ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন ঘটল কাজলের।

 

 

1

সাতসকালে বিরতির পোস্টে ভক্তদের ঘুম উড়িয়ে দেওয়ার পর সে রাতেই ধোঁয়াশা পরিষ্কার করলেন নায়িকা। প্রকাশ্যে নিয়ে এলেন ‘দ্য ট্রায়াল-প্যায়ার কানুন ধোঁকা’র ট্রেলার। ক্যাপশনে লিখেছেন, ‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে তুমি।’ কাজলের সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক।

এই সিরিজে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। তবে আর সেই সিরিজের ঘোষণা করতেই এমন ‘প্রচারমূলক কৌশল’ কাজলের।

তবে কাজলের এমন কারসাজিতে ভক্তরা খুশি হলেও বেজায় অখুশি নেটিজেনরা। অভিনেত্রীকে তীব্র মন্তব্যও করা হচ্ছে। কেউ বলছেন, ‘এই সমস্ত প্রচারের কৌশল ভীষণ বাজে।

’ কারো মন্তব্য, ‘এত জল ঘোলা না করে সোজাসুজি বললেই তো পারেন।’ কেউ বা বলছেন, ‘এরপর তো আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।’

১২ জুন হটস্টারে স্ট্রিমিং হবে কাজলের আসন্ন সিরিজটি। সুপর্ণ ভার্মা পরিচালিত সিরিজটিতে আরো অভিনয় করছেন ফ্লোরা সাইনি, শিবা চাড্ডা, যিশু সেনগুপ্ত, অ্যালি খান, শিনা চৌহানের মতো তারকা। এ ছাড়াও কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।